গাজীপুরে গার্মেন্টসের ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা এলাকায় থমথমে পরিবেশ
আশিকুর রহমান,গাজীপুর:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভিতরে হৃদয় (১৯) নামে এক ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারা বাইদ এলাকার বাসিন্দা।
শনিবার (২৮ জুন)২৯২৫ইং দুপুরে কোনাবাড়ী থানাধীন কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টসের অফিস কক্ষে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিথ্যা অপবাদে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মীরা হৃদয়ের হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।
ঘটনার খবর আশপাশের অন্যান্য গার্মেন্টসে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ৪০০-৫০০ শ্রমিক রাস্তায় নেমে আসে এবং গ্রিনল্যান্ড গার্মেন্টসের সামনে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষ গার্মেন্টসের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ সাঁটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন জানান, হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।